ডিআর কঙ্গোতে নৌকাডুবি, ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআর কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নদীতে অতিরিক্ত যাত্রী, পণ্য ও পশুবোঝাই নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান বলে ইয়ুহু নিউজ তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে।

ওই নৌ দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন প্রায় ৫৫ জন।

ডিআর কঙ্গোর কর্মকর্তারা জানান, প্রতিবেশী দেশ কঙ্গোর উদ্দেশে রওনা হওয়ার পর মঙ্গলবার রাতে বাসানকুসু শহরের কাছে লুলঙ্গা নদীতে ডুবে যায় নৌকাটি। সেখানকার সুশীল সমাজের (সিভিল সোসাইটি) সভাপতি জ্যাঁ-পিয়েরে ওয়াঙ্গেলা সাংবাদিকদের জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৪৫ জন। তিনি বলেন, অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনা ঘটেছে, তবে স্থানীয়দের এভাবে গাদাগাদি করে পারাপার ছাড়া কোনো বিকল্পও নেই। ওয়াঙ্গেলা বলেন, নৌকাটিতে ২০০ জনের মতো যাত্রী ছিল।