চট্টগ্রামে আরেকবার ইফতিখার ঝড়

আগের দিন যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন সাকিব আল হাসান। তাকে অবশ্য থামাতে পারলেও ইফতিখার আহমেদকে আটকাতে পারল না ঢাকা ডমিনেটর্সের বোলাররা। ঝোড়ো ফিফটি করলেন পাকিস্তানি ব্যাটার। তাকে দারুণ সঙ্গ দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সুবাদে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাল ফরচুন বরিশাল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তুলেছে বরিশাল।

আগের ম্যাচে অপরাজিত সেঞ্চুরি উপহার দেওয়া ইফতিখার ৩৪ বলে অপরাজিত ৫৬ রান করেছেন। ৫ চারের সঙ্গে হাঁকিয়েছেন ২ ছক্কা। মাহমুদউল্লাহ খেলেছেন ৩১ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস।

ষষ্ঠ উইকেটে দুজন অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ৫৭ বলে ৮৪ রান। অধিনায়ক সাকিব আল হাসান ১৭ বলে ৩০ রান করেন ৪ চার ও ১ ছক্কায়।

দলীয় ১৭ রানেই দুই ওপেনার সাইফ হাসান (১০) ও এনামুল হক বিজয় (৬) ফিরে যান। এরপর মেহেদী হাসান মিরাজ ও চতুরঙ্গ ডি সিলভা ২৭ রানের জুটি গড়েন। দুজনকেই ফেরান নাসির হোসেন।

মিরাজ ১৪ বলে ১৭ ও ডি সিলভা ১০ বলে ১০ রান করেন। মিরাজের সঙ্গে সাকিবের আরেকটি ১৯ রানের জুটি হয়। ইফতিখার-সাকিব পঞ্চম উইকেটে যোগ করেন ২৬ রান। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে দুর্দান্ত জুটিতে দলকে বড় সংগ্রহ এনে দেন ইফতিখার।

২ উইকেট নিয়ে ঢাকার পক্ষে সবচেয়ে সফল বোলার নাসির।