রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বেঁচে আছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সুইজারল্যান্ডের ডাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) মূল অনুষ্ঠানের ফাঁকে এক আয়োজনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। তবে জেলেনস্কির এমন মন্তব্যের পর ক্রেমলিন বলছে, পুতিন কিংবা রাশিয়া কারোরই অস্তিত্ব চান না তিনি। বিবিসি বলছে, বৃহস্পতিবার সকালে ইউক্রেনিয়ান ব্রেকফাস্ট আয়োজনে অংশ নেন জেলেনস্কি। সেখানে ‘কবে শান্তি আলোচনা শুরু হবে’ এমন প্রশ্ন করা হলে তিনি এমন মন্তব্য করেন। জেলেনস্কি বলেন, ‘আজ আমি আসলে বুঝতে পারছি না কার সঙ্গে কথা বলব, কোন বিষয়ে কথা বলব। আমি আসলে নিশ্চিত নই রাশিয়ার প্রেসিডেন্ট, যিনি মাঝেমধ্যে সবুজ পর্দার সামনে হাজির হন, তিনি আসল কি না। আমি বুঝতে পারি না।’ এদিকে জেলেনস্কির এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ফক্স নিউজ তাকে উদ্ধৃত করে জানায়, ‘রাশিয়া ও পুতিন যে ইউক্রেন ও জেলেনস্কির জন্য বড় একটি সমস্যা, তা পরিষ্কার। জেলেনস্কি মন থেকে চান, রাশিয়া ও পুতিনের কোনো অস্তিত্ব না থাকুক।’