যুক্তরাষ্ট্রের কিংবদন্তি গায়ক, গীতিকার ও গিটারিস্ট ডেভিড ক্রসবি মারা গেছেন। গত শতকের ষাটের দশকের আলোচিত দুই ব্যান্ড ‘দ্য বার্ডস’ ও ‘ক্রসবি, স্টিলস অ্যান্ড ন্যাশ’-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। ডেভিড ক্রসবির বয়স হয়েছিল ৮১ বছর। বিশ্বজুড়ে আলোচিত ‘এইট মাইলস হাই’, ‘উডেন শিপস’, ‘অলমোস্ট কাট মাই হেয়ার’-এর মতো গানের সহলেখক ছিলেন তিনি। ‘দ্য বার্ডস’ ও ‘ক্রসবি, স্টিলস অ্যান্ড ন্যাশ’-ব্যান্ডের সদস্যদের সঙ্গে গানগুলো লিখেছেন তিনি। ১৯৬৩ সালে রজার ম্যাকগুইন ও জেনে ক্লার্কের সঙ্গে ‘দ্য বার্ডস’ গঠন করেন। ১৯৬৫ সালে সেরা নতুন শিল্পী হিসেবে গ্র্যামির মনোনয়ন পেয়েছিল ব্যান্ডটি। ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ব্যান্ডের গান ‘টার্ন! টার্ন! টার্ন! বেশ আলোচিত হয়েছিল। ১৯৭০ সালে ক্রসবিসহ ব্যান্ডের সদস্যরা নতুন শিল্পী হিসেবে গ্র্যামি পেয়েছিলেন। ব্যান্ডের নামে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘ক্রসবি, স্টিলস অ্যান্ড ন্যাশ’শ্রোতামহলে দারুণ সাড়া ফেলেছিল। ১৯৭০ সালে ব্যান্ডে নেইল ইয়ং যুক্ত হওয়ার পর ব্যান্ডের নাম হয়, ‘ক্রসবি, স্টিল, ন্যাশ অ্যান্ড ইয়ং’। ১৯৭১ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘ইউ আই কুড অনলি রিমেম্বার মাই নেম’ ও পরে প্রকাশিত আরেক অ্যালবাম ‘ক্রজ’ বিলবোর্ড টপ ১০০ চার্টে জায়গা করে নিয়েছিল। জীবনের একটা সময়ে এসে মাদকে জড়িয়ে পড়েন ডেভিড ক্রসবি, ১৯৯৬ সালে মাস-পাঁচেক কারাগারে থাকতে হয়েছিল তাকে। শরীরে নানা রোগ দানা বাঁধতে থাকে। কারাগারে যাওয়ার আগেই তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়েছিল। সঙ্গে হৃদ্রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। ১৯৮৭ সালে তিনি জান ড্যান্সকে বিয়ে করেন। তাদের এক পুত্রসন্তান রয়েছে।