বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় গতকাল শুক্রবার সকালে তৃতীয়বারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী গুণিজন ও শিল্পী মহাসম্মেলন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার আয়োজনে বেলা ১১টায় শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পর ফেস্টুন উড়িয়ে তৃতীয় গুণিজন ও শিল্পী মহাসম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য দেন নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসার রিপু, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেই নেতার কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অনুষ্ঠানের উদ্বোধন শেষে শহীদ টিটু মিলনায়তন চত্বর থেকে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে গান ও নৃত্য পরিবেশন করেন বগুড়ার বিভিন্ন সংগঠনের শিল্পীরা।