‘মানকাড’ আউটের নতুন নিয়ম

ক্রিকেটে ‘মানকাড’ বিতর্কিত আউটের নাম। এই বিতর্ক থামাতে এক সিদ্ধান্তে এসেছে ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। বিষয়টিকে বোলিং ও ব্যাটিং দুই দলের জন্য আরও স্পষ্ট করতে আইনের ধারায় কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে। সেখানে একজন বোলার বল ডেলিভারি পয়েন্টে আসার পর ব্যাটাররা পপিং ক্রিজ ছাড়তে পারবেন বলে নিয়মে লেখা হয়েছে। 

সম্প্রতি অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগের এক ঘটনায় এই আউট নিয়ে নতুন করে অস্পষ্টতা তৈরি হয়। ৩ জানুয়ারি মেলবোর্ন রেনেগেডসের ব্যাটসম্যান টম রজার্সকে ‘মানকাড’ আউট করার চেষ্টা করেন মেলবোর্ন স্টার্স অধিনায়ক অ্যাডাম জাম্পা। আম্পায়ার প্রথমে আউট দিলেও রিপ্লে দেখে তা বাতিল করে দেন তৃতীয় আম্পায়ার। বিষয়টি নিয়ে এমসিসি জানায়, তৃতীয় আম্পায়ারের মূল্যায়ন সঠিক ছিল। বোলার ‘ডেলিভারির পয়েন্টে’ পৌঁছানোর আগে নন-স্ট্রাইক ব্যাটসম্যান ক্রিজ ত্যাগ করলে তাকে আউট করা যাবে। জাম্পা ‘ডেলিভারি পয়েন্ট’ পেরিয়ে যাওয়ার পর রজার্স ক্রিজ ছেড়েছিলেন। তাই এটা আউট নয়।

এই রানআউটের নিয়মে স্বচ্ছতা আনতে গত বৃহস্পতিবার আইনের ধারায় শব্দের কিছু পরিবর্তন আনার কথা জানায় এমসিসি। এটাকে আইনের আমূল পরিবর্তন না বলে উল্লেখ করেছে তারা, ‘এই আইন খেলোয়াড় ও আম্পায়ারদের কাছে আগে থেকেই পরিষ্কার। তবে কিছু শব্দগত কারণে কিছু অস্পষ্টতা তৈরি হতে পারে। এমসিসি তাই আরও স্পষ্টতা প্রদানের জন্য আইনের ৩৮.৩ ধারায় শব্দে পরিবর্তন এনেছে। যে মুহূর্তে বোলার বল ছাড়বেন বলে ধরা হয়, ওই মুহূর্তের আগে যদি নন-স্ট্রাইকার ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে যান, তাহলে যেকোনো সময় তাকে রানআউট করা যাবে। তবে বোলার বোলিং পয়েন্টে চলে আসার পর রানার ক্রিজে ছাড়লে কোনো ক্ষতি নেই।’