পরিবেশমন্ত্রী বললেন

উন্নতি হয়েছে বলেই কাঁথার প্রয়োজন পড়ে না

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের গরিব মানুষের অবস্থার পরিবর্তনে জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। একসময় শীত আসার আগে ঘরে ঘরে কাঁথা সেলাইয়ের হিড়িক পড়ে যেত। এখন দিন বদলে গেছে। কাঁথা আর দেখাই যায় না। কাঁথার বদলে এখন লোকজন লেপ-তোশক ব্যবহার করে। গায়ে সোয়েটার, জ্যাকেট ও চাদর পরে। দেশের উন্নতি হয়েছে বলেই কাঁথার প্রয়োজন পড়ে না।

গতকাল শুক্রবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলার ছয় ইউনিয়নের শীতার্ত ৭০০ নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করতে হবে। টিলা-পাহাড় কাটা, নদী ভরাট করা যাবে না। এসব অপতৎপরতা বন্ধ করতে হবে। টিলা-পাহাড়, নদী রক্ষায় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।’ বিকেল সাড়ে ৪টায় জুড়ি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয়। ইউএনও রঞ্জন চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া প্রমুখ।