স্বাস্থ্যমন্ত্রী বললেন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়েছে। আমাদের টিকার কর্মসূচি বিশ্বে প্রশংসিত হয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল সফলতা পেয়েছে। এর মাধ্যমে দেশে অনেক রোগবালাই কমে আসছে। গতকাল শুক্রবার বরিশাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের’ নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান কর্মসূচির সফলতার ফলে আমাদের সংক্রমণ রোগবালাই কমে গেছে এবং দেশে গড় আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমাতে সক্ষম হয়েছি। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ফলে হাসপাতালগুলোতে এখন রোগীর সংখ্যাও অনেক বাড়ছে। তিনি বলেন, ২৫০ শয্যা হাসপাতাল পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। এরই মধ্যে অর্ধেকেরও বেশি হয়ে গেছে। আমাদের উপজেলাগুলোতে ৫০ শয্যা রয়েছে। কিছু কিছু ১০০ বেড রয়েছে। আগামীতে সব উপজেলায় ১০০ বেডের কার্যক্রম চলমান থাকবে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দায়িত্ব থাকবে হাসপাতালটি উদ্বোধনের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্যসেবার বিস্তৃতি ঘটানো। আপনারা (চিকিৎসকরা) নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকবেন।