বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন সাকিব আল হাসান। একই সঙ্গে তিনি আগ্রাসী, বিধ্বংসী ও ধারাবাহিক। নিজের টি-টোয়েন্টি ব্যাটিংকে নতুন উচ্চতায় নিতে পেরেছেন এই অলরাউন্ডার।
সাকিবের দল ফরচুন বরিশালের কোচ নাজমুল আবেদীন ফাহিমের মতে ২০১৯ বিশ্বকাপকেও ছাড়িয়ে এই অলরাউন্ডার এখন নিজের ব্যাটিংয়ের সর্বোচ্চ উচ্চতায় আছেন।
বিপিএলের প্রথম দুই পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করছেন বরিশালের অধিনায়ক সাকিব। ৬ ম্যাচে ৫ ইনিংসে ৯১.৬৬ গড়ে ২৭৫ রান করেছেন। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৮৯। পাঁচ ইনিংসের মধ্যে তিনটিতে ফিফটি হাঁকিয়েছেন তিনি। স্ট্রাইকরেট দুই শর কাছাকাছি- ১৯৬.৪২।
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩২ বলে ৬৭ রানের ইনিংস দিয়ে তার আসর শুরু। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ভালো না করলেও পরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি খেলেন ৪৫ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস।
সেটিকে ছাড়িয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে করেন ৪৩ বলে অপরাজিত ৮৯। সুদীর্ঘ ক্যারিয়ারে এই সংস্করণে যা তার সর্বোচ্চ ইনিংস। সবশেষ ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে শুক্রবার করেছেন ১৭ বলে ৩০।
সাকিবের এই ফর্ম নিয়ে তার মেন্টর ফাহিম বলছেন, ‘সাকিব খুবই স্মার্ট। ও সবসময়ই খুঁজতে থাকে কোথায় গেলে আরেকটু ভালো হওয়া যায়। আমার কেন জানি মনে হচ্ছে, আমি ওর ব্যাটিং যতদিন দেখছি, ও বোধ হয় নিজের ব্যাটিংয়ের চূড়ায় আছে।’
২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে অসাধারণ ছন্দে ছিলেন সাকিব। বলা যায় ক্যারিয়ারের সেরা ছন্দে ছিলেন। তবে ফাহিম মনে করেন সাকিবের বর্তমান ব্যাটিং ফর্ম পেছনে ফেলে দিচ্ছে ওই আসরকেও, ‘২০১৯ বিশ্বকাপের কথা স্মরণ রেখেই আমি বলছি, ও এত সহজে ব্যাটিং করছে, সেটা ভাবাই যায় না।’
ফাহিমের বিশ্বাস সাকিবের কাছ থেকে বাংলাদেশ জাতীয় দলেরও আরও অনেক কিছু পাওয়ার আছে সামনে। তার কথায়, ‘ও এখন চূড়ায় আছে। খেলাটা উপভোগ করছে, খুবই উপভোগ করছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এভাবে খেলুক। সামনে আমাদের বড় বড় টুর্নামেন্ট আছে। বিশ্বকাপ আছে। আমাদের তাকে প্রয়োজন।’