চুল কেটে ছোট করেছেন, ক্লিন শেভে দাড়িহীন মুখশ্রীতে ধারন করেছে নতুন চেহারা। ফলে প্রথম দর্শনে জুলিয়ান ক্যালেফাতোকে চিনতে কষ্ট হয়েছিল। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফিজিও। সম্প্রতি তিনি আবারও ফিরেছেন ঢাকায়। চেহারা পরিবর্তনের হাওয়া বয়ে গেছে দায়িত্বেও। বদলেছে তার পদবী। বিসিবি তাকে পুনর্বাসন কেন্দ্রের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।
রবিবার বিসিবি একাডেমি প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাওয়ার সময় ক্যালেফাতোর সঙ্গে কথা হয় প্রতিবেদকের। আলাপকালে বলেন, ‘এই চেহারা দেখে আমাকে কেউ সহজে চিনতে পারবে না। তবে ভালো করে আমার দিকে তাকালে বেশি সময়ও লাগবে না।’
যদিও তার চেহারা পরিবর্তন কিংবা দায়িত্ব বদল এখানে মুখ্য নয়। আর তার কাজ কেবল জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি বোর্ডের ফিজিওথেরাপিস্ট। বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের গাইড করার পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড়দের প্রয়োজনে সহায়তা করবেন। তবে একটা বিষয় তার অগ্রাধিকার তালিকায় আগের মতো একই ছিল। সেটা চোট প্রবণ ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে সামলানো।
সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় পর্বের খেলা। ম্যাচের আগের দিন শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে দলগুলো। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে অনুশীলন পর্বে যোগ দেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সেখানেই চোট থেকে সেরে দ্রুত মাঠে ফেরার মিশনে তিনি নেমেছেন ক্যালেফাতোর সঙ্গে। পুরনো বন্ধুকে দেখে যেন ভীষণ স্বস্তি পেয়েছেন কাটার মাস্টার।
চলতি বিপিএলে ইতোমধ্যে দুটি পর্ব শেষ হয়েছে। গত ১৪ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান বাঁহাতি পেস বোলার মোস্তাফিজের চোট পান। ফিজ সেদিন তার প্রথম ওভারের পঞ্চম বলটি করার সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। শেষ বলটি করার জন্য শর্ট রান-আপ দিয়ে ওভার সম্পন্ন করেছিলেন। কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় সে ম্যাচে তাকে আর বল করতে দেখা যায়নি। পরে কুমিল্লার হয়ে বাকি তিন ম্যাচে অংশ নেননি তিনি।
রবিবার ফিজের কুমিল্লার বাকি সতীর্থরা যখন নেটে অনুশীলনে ব্যস্ত সময় পার করছিল, তখন মোস্তাফিজ ক্যালেফাতোর সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়ার কাজে ব্যস্ত।
পরে মোস্তাফিজের চোটের বিষয়ে জানতে চাইলে ক্যালেফাতো বলেন, ‘আমরা তাকে পর্যবেক্ষণ করছি। তবে সে কবে মাঠে ফিরতে পারবে সেটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। যতটুকু দেখেছি, তাতে এখনও খেলার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে না।’ যদিও কি কারণে এখনও ফিজ আনফিট তা বিস্তারিতভাবে খোলাসা করেননি বিসিবির পুনর্বাসন কেন্দ্রের প্রধান।
তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আমরা আশা করছি মোস্তাফিজ দ্রুত সেরে উঠবেন। তবে দ্রুত তিনি খেলার জন্য ফিট না হলে ঢাকা পর্বে খেলার সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয়।’