সংসদে আ.লীগ নেতারা

বিএনপির জন্ম স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে অসাংবিধানিকভাবে

আওয়ামী লীগের সংসদ সদস্যরা বলেছেন, বিএনপির জন্ম হয় স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে অসাংবিধানিকভাবে। দলটি জন্মলগ্ন থেকে ষড়যন্ত্র চালিয়ে আসছে। তারা দানব, অপশক্তি। তারা দেশে-বিদেশে চক্রান্ত চালিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তাদের মুখে গণতন্ত্রের কথা আর অন্তরে স্বৈরতন্ত্র। অনেকে জাতীয় ঐক্যের কথা বলছেন, এমন দলের সঙ্গে কীসের ঐক্য। গতকাল রবিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এমন মন্তব্য করে। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সংসদে সভাপতিত্ব করছিলেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র নাথ শম্ভু বলেন, বিএনপি এখন রাষ্ট্র মেরামতের কথা বলছে; কিন্তু তারা স্বাধীনতা মানে না, সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, জাতির পিতাকে মানে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আওয়ামী লীগের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেন, বিএনপি দলটিই আসলে দানব, এরা অপশক্তি। দলটি প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র, চক্রান্ত  চালিয়ে আসছে। ওরা গণতন্ত্র বিকাশের প্রধান অন্তরায়। ওদের মুখে গণতন্ত্রের বুলি আর অন্তরে স্বৈরতন্ত্র।

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বিগত ২০১৮ সালে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে। তার সুযোগ্য দেশ পরিচালনায় আমরা উন্নয়নের রোল মডেল। তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বমানবতার জননী হিসেবে আখ্যায়িত হয়েছেন। তিনি মানবতার নেতা, চ্যাম্পিয়ান অব দ্য আর্থসহ বহু সম্মানে ভূষিত হয়েছেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও বক্তব্য রাখেন, নাহিদ ইজাহার খান এমপি, এবিএম কবিরুল হক এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, জিন্নাতুল বাকিয়া এমপি, রুমানা আলী এমপি এবং  ফেরদৌস ইসলাম এমপি।