‘তিনি সত্যিকার কিংবদন্তি, নায়কদের রাজা’

ঢালিউডের সর্বকালের সেরা নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন সোমবার (২৩ জানুয়ারি)। প্রায় অর্ধ যুগ হয়ে গেল তিনি এই পৃথিবীতে নেই। কিন্তু তার অসামান্য শিল্প সৃজন আজও তাকে অমর করে রেখেছে।

নায়করাজের ৮২তম জন্মদিনে তার সঙ্গে প্রথম স্মৃতির ডালা মেলে ধরেছেন চিত্রনায়িকা রোজিনা।

দেশ রূপান্তরকে রোজিনা বলেন নায়ক রাজ্জাক তার শুধু সহ অভিনেতাই ছিলেন না, ছিলেন শিক্ষকের মতো।

‘শিল্পী হিসেবে রাজ্জাক ভাই কেমন সে কথা বলার অপেক্ষা রাখে না। তাকে নিয়ে বলার ভাষাও খুঁজে পাচ্ছি না। তবে এটুকু বলতেই হয়, তিনি আমার একজন শিক্ষক।’- বলেন রোজিনা।

রাজ্জাককে নায়কদের রাজা উল্লেখ করে এই নায়িকা বলেন, ‘তিনি বাংলা চলচ্চিত্রের সত্যিকার কিংবদন্তি, নায়কদের রাজা। তার মতো মানুষের অবদানেই আজকের এই ঢালিউড ইন্ডাস্ট্রি। যতদিন বাংলা সিনেমা থাকবে, ততদিন তিনি থেকে যাবেন দর্শকের মনে।’

অতিতে ফিরে গিয়ে রোজিনা বলেন, ‘শাবানা-কবরীকে দেখেই নায়িকা হওয়ার স্বপ্ন জাগে। স্কুল পালিয়ে সিনেমা হলে তাদের ছবি দেখতাম। আর সেই সব ছবিতে নায়ক থাকতেন রাজ্জাক ভাই। পরে যখন সিনেমা জগতের সঙ্গে যুক্ত হলাম তখন শুরুতে তার বোনের চরিত্রে কাজ করেছি। সব মিলিয়ে ১২টির মতো ছবি একসঙ্গে করেছি। এর মধ্যে তার পরিচালিত দুটি ছবিও রয়েছে ‘অভিযান’ আর ‘রাজা মিস্ত্রি’। এ ছাড়া সিদ্ধান্ত, আয়নাসহ বেশ কিছু ব্যবসা সফল সিনেমা রয়েছে।’

রাজ্জাকের সঙ্গে প্রথম শুটিংয়ের স্মৃতি চারণও করেন রোজিনা। বলেন, ‘প্রথম যেদিন তার সঙ্গে শ্যুটিং করি, সেদিন কাজ হয়েছিল এফডিসির ১ নম্বর ফ্লোরে। একদিনেই তার সঙ্গে আমার চারটি সিকোয়েন্স ছিল। আমি নতুন শিল্পী হিসেবে সাধ্যমতো রিহার্সেল করেছি। কিন্তু যখনই তার সঙ্গে ক্যামারের সামনে দাঁড়ালাম সব সংলাপ ভুলে ঠায় দাঁড়িয়ে রইলাম।’

রোজিনা বলে যান, ‘তখন রিলে শ্যুটিং হয়, অনেক খরচের ব্যাপার। তারমধ্যে রাজ্জাক ভাইয়ের মতো সুপারস্টারের সময়ের অনেক দাম। কিন্তু তিনি একটুও রাগ করলেন না, বিরক্তও হলেন না। আমাকে একপাশে ডেকে নিয়ে সাধারণ অনেক কথাবার্তা বললেন। আমাকে সহজ করে ফেললেন। এরপর আমরা কাজটি ভালোভাবে শেষ করি। এই যে তার শিক্ষকসুলভ আচরণ, এটা পরে আমিও নতুন শিল্পীদের সঙ্গে অ্যাপ্লাই করেছি।’