জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে সার ও অ্যামোনিয়া উৎপাদন। আন্তর্জাতিক বেসরকারি কোম্পানি ইনগার্সল-রেন্ড (ইন্ডিয়া) লিমিটেডের বিশেষজ্ঞের ভুলে দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে এ ঘটনায় পাঁচ সদস্যদের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।
জেএফসিএল সূত্র জানায়, সম্প্রতি যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের এনজি বুস্টার কমপ্রেসরে মাত্রাতিরিক্ত নাইট্রোজেন অপচয়সহ নানা সমস্যা দেখা দেয়। কর্তৃপক্ষ এনজি বুস্টার ক্রয় ও পুনঃস্থাপনে আন্তর্জাতিক কোম্পানি ইনগার্সল-রেন্ড (ইন্ডিয়া) লিমিটেডকে অবগত করেন। পরে ইনগার্সল-রেন্ড কর্তৃপক্ষ কারখানা পরিদর্শনের জন্য তাদের ডেপুটি ম্যানেজার (সার্ভিস) ও ভারতীয় বিশেষজ্ঞ মি.তানাজি এস.পন্দেকারের নেতৃত্বে তিন সদস্যের দল পাঠায়। ওই দলের অপর দুই সদস্য হলেন ইনগার্সল-রেন্ড’র টেরিটরি ম্যানেজার (সার্ভিস) মো. ইমামুল সর্দার এবং মার্কেটিং প্রতিনিধি কসমো মার্কেটিং কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম।
কারখানার নির্ভরযোগ্য সূত্র জানায়, ভারতীয় বিশেষজ্ঞ মি. তানাজি এস.পন্দেকার রবিবার বিকেলে অ্যামোনিয়া প্ল্যান্টের এনজি বুস্টার কমপ্রেসর পরিদর্শন করছিলেন। এমন সময় তিনি একটি ভুল বাটনে চাপ দিলে বিকট আওয়াজে প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। এতে মুহূর্তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। বিকট আওয়াজে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং পার্শ্ববর্তী এলাকার লোকজন দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। কর্তৃপক্ষ বিষয়টি স্বাভাবিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি সোমবার সকাল থেকে জানাজানি হয়।
এ প্রসঙ্গে কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (এমটিএস) মো. আফাজ উদ্দিন সাংবাদিকদের জানান, আমি ও কারখানার মেশিনারিজ প্রধান ভূপতি চন্দ্র বিশ্বাসের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞ মি. তানাজি এস.পন্দেকার এনজি বুস্টার কমপ্রেসরের বিভিন্ন প্যারামিটার ঘুরে দেখছিলেন। এমন সময় এমটিএস বিভাগের কয়েকজন কর্মচারী ওভারটাইম সংশ্লিষ্ট কিছু জটিলতা নিয়ে আমার কাছে আসেন। আমার অনুপস্থিতিতে ভূপতি চন্দ্র বিশ্বাস অ্যামোনিয়া শিফট ইনচার্জ ফজলুল হককে বিশেষজ্ঞের সঙ্গে থাকতে বলেন। পরিদর্শনকালে বিকেল পৌনে ৪টায় হঠাৎ অ্যামোনিয়া কমপ্রেসর বন্ধ হয়ে যায়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদনও বন্ধ হয়। এ ঘটনায় পাঁচ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।