জন্মহার বাড়াতে জাপানি প্রধানমন্ত্রীর জরুরি তাগিদ

জাপানে জন্মহার বাড়াতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গতকাল সোমবার এক পার্লামেন্ট অধিবেশনে জাপানের এই দীর্ঘমেয়াদি সংকট সমাধানে সরকারের অবস্থান কেমন হওয়া উচিত, তা তুলে ধরেন তিনি। অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, ‘বছরের পর বছর ধরে নিম্ন জন্মহারের জেরে অবস্থা এমন জায়গায় পৌঁছেছে, এখন দেশের সামাজিক কাঠামো ও কার্যক্রম ঠিক রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি এভাবে চলতে থাকে, সেক্ষেত্রে সামনে সব দিকে চরম বিপর্যয় নেমে আসবে। তাই জনসংখ্যা বাড়ানোর জন্য যা করা দরকার তা এখনই শুরু করতে হবে; আর দেরি নয়।’ দেশটিতে দীর্ঘ তিন দশক ধরে জন্মহার হ্রাস পাচ্ছে। এর মধ্যে গত বছর রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে জন্মহার। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে জাপানে জন্মগ্রহণ করেছে ৮ লাখেরও কম শিশু। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির এত নিম্নহার আগে কখনো দেখেনি জাপান।দেশটির জনসংখ্যা বিষয়ক গবেষণা সংস্থা ইউওয়া পপুলেশন রিসার্চের মতে, সন্তান জন্মদান ও পালনের ক্ষেত্রে জাপান বিশ্বের শীর্ষ তিনটি ব্যয়বহুল দেশের মধ্যে একটি। দেশটিতে প্রতি বছর জন্মহার কমতে থাকার সবচেয়ে বড় কারণ এটি।