রূপপুরের পণ্য চীনে খালাসের ইঙ্গিত রাষ্ট্রদূতের

সরাসরি না বললেও মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রুশ উরসা মেজর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য চীনে খালাসে কোনো সমস্যা হবে না বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, নিষেধাজ্ঞাটি বহুপক্ষীয় বা জাতিসংঘের নয়। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ইঙ্গিত দেন।

এ প্রসঙ্গে ড. মোমেন বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য নিষিদ্ধ জাহাজে পাঠানোর অভিযোগে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া ওই জাহাজটির অবস্থান সম্পর্কেও জানে না বাংলাদেশ।

ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল বহনকারী রাশিয়ার জাহাজ ‘স্পার্টা৩’-এর ওপর জাতিসংঘের এবং বহুপক্ষীয় কোনো নিষেধাজ্ঞায় নেই। একটি পক্ষ নিষেধাজ্ঞা দিয়েছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি দিখেছি। জাহাজটি নিষেধাজ্ঞার আওতায় আসা উচিত ছিল না। আশা করি, যেকোনো ধরনের নিষেধাজ্ঞা সাধারণ মানুষ এবং কোনো দেশের সঙ্গে সহযোগিতাকে প্রভাবিত করবে না।

রাশিয়া না গিয়ে জাহাজটি চীনের দিকে যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘এ সম্পর্কে আমরা কিছুই জানি না। কোথায় গেল, না গেল আই ডোন্ট নো। যেহেতু এটা নিষেধাজ্ঞার জাহাজ, সে জন্য আমরা আমাদের পোর্টে অ্যালাউ করিনি।’