পেইস দি কাসেলের বিপক্ষে এক এক করে ৫ বার বল জালে পাঠিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। গোল করেছেন নেইমারও। ফ্রেঞ্চ কাপের রাউন্ড অব ৩২–এর ম্যাচটি পিএসজি জিতেছে ৭-০ ব্যবধানে।
ফ্রান্সের নর্ড বিভাগের কয়েকটি ছোট ক্লাব অঙ্গীভূত হয়ে পেইস দি কাসেল পথচলা শুরু করে ২০১৮ সালে। ফরাসি ফুটবলের ষষ্ঠ স্তর রিজিওনাল ওয়ানে খেলা ক্লাবটি ফ্রেঞ্চ কাপের রাউন্ড অব ৬৪-এ চতুর্থ স্তরের দল ওয়াসকুয়েহালকে টাইব্রেকারে হারিয়ে পিএসজির প্রতিপক্ষ হয়।
লাসের বোলায়ের্ট-দেলেলিস স্টেডিয়ামে আয়োজিত হয় ম্যাচটি। তবে পুঁচকে কাসেলের বিপক্ষে প্রথম গোল পেতে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। ২৯তম মিনিটে পিএসজিকে প্রথম গোলটি এনে দেন এমবাপ্পে। নুনো মেন্ডেজের ক্রস থেকে পাওয়া বল সহজেই জালে জড়িয়ে দেন। চার মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। পরপর ২ গোল হজমের পর রক্ষণে এলোমেলো হয়ে পড়ে কাসেল। ৩৪ ও ৪০তম মিনিটে আরও ২ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে।
এ নিয়ে দুই মাসে দুটি হ্যাটট্রিক করলেন ২৪ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার। আগের হ্যাটট্রিকটি করেছেন বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে।
প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি পিএসজি। ৫৬ ও ৭৯তম মিনিটে আরও ২ গোল করে রেকর্ড বইয়ে নাম লেখান এমবাপ্পে। পিএসজির ইতিহাসে এই প্রথম কেউ ৫ গোল করলেন।
দ্বিতীয়ার্ধে এমবাপ্পের ২ গোলের মাঝে ৬০তম মিনিটে আরেকটি গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলের।
বড় জয়ের পর অবশ্য কোয়ার্টারে ওঠার লড়াইয়ে সহজ প্রতিপক্ষ পাচ্ছে না পিএসজি। শেষ ষোলোয় এমবাপ্পেদের প্রতিপক্ষ অলিম্পিক মার্শেই।