সম্প্রতি এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকল ভারতের দিল্লি থেকে হায়দ্রাবাদগামী স্পাইসজেটের একটি ফ্লাইট। বিমানটি নয়াদিল্লি থেকে নিজামের শহরে যাচ্ছিল। সেই বিমানেই বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে এক যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি সহযাত্রীরা রেকর্ড করেছিলেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এদিকে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানা গিয়েছে।
সোমবার দিল্লি-হায়দ্রাবাদ রুটের বিমানে ওঠার সময় বিমানসেবিকার সঙ্গে খুব বাজে ব্যবহার করেন দুই যাত্রী। এর জেরে দুজনকেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ক্রুদের হয়রানি করার ঘটনায় স্পাইসজেট এক বিবৃতি জারি করে বলে, ‘পাইলট ইন কমান্ড এবং নিরাপত্তা কর্মীদের ঘটনা প্রসঙ্গে অবগত করেন কেবিন ক্রু-রা। অভিযুক্র যাত্রী এবং তার সঙ্গে ভ্রমণকারী অপর এক যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ওই দুই যাত্রীকে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।’
ডিজিসিএ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাসও দিয়েছে বেসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা। জানা গিয়েছে, এক যাত্রীকে গ্রেপ্তার করেছে দিল্লির বিমানবন্দর থানার পুলিশ। ধৃতের নাম অবসর আলম।
অভিযোগ, ওভারহেড কম্পার্টমেন্টে যাত্রীর লাগেজ রাখার ক্ষেত্রে সাহায্য করছিলেন বিমানসেবিকা। সেই সময়ই তার উরুতে নাকি অশালীন ভাবে স্পর্শ করেন এক যাত্রী। পরে সেই অভিযুক্ত যাত্রী দাবি করেন যে বিমানে ছোট জায়গার কারণে দুর্ঘটনাবশত ওই ঘটনা ঘটেছে। সেই যাত্রী পরে লিখিত ভাবে ক্ষমা চেয়েছিলেন। এদিকে ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি বিমান সেবিকার সঙ্গে উঁচু গলায় কথা বলছেন। সেখানে আরও যাত্রীরা রয়েছেন। তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে।