উত্তর ভারতে ভূমিকম্পের আঘাত

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিসহ উত্তর ভারতের একাংশ। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৫ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপাল-চীন সীমান্ত।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

স্থানীয় সূত্রের খবরে জানা যায়, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ২৫ সেকেন্ড। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দিল্লির পাশাপাশি মঙ্গলবার উত্তর প্রদেশের নয়ডা, গাজিয়াবাদের ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল এবং চীন অধিকৃত তিব্বতের সীমান্তে। ফলে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়।

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গেছে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ হরিয়ানাসহ উত্তর ভারতের কিছু রাজ্যে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল প্রায় ৬ দশমিক ৩।