বাবরকে যেকোনো এক সংস্করণে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ আজহারের

পাকিস্তান ক্রিকেটের তিন সংস্করণের অধিনায়ক বাবর আজম। দলের ভালো–মন্দ দেখার পাশাপাশি নিজের ব্যাটিংয়েও দিতে হয় মনযোগ। তাতে বাড়তি চাপের কারণে প্রভাব পড়ে পারফরম্যান্সে। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ভাবছেন এমনটাই। চাপ কমিয়ে ব্যাটিংয়ে মনোযোগ দিতে বাবরের অন্তত একটি সংস্করণে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন আজহার।

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন বাবর। তিন সংস্করণেই অধিনায়কত্বের দায়িত্ব পালন করে ব্যাটিংয়ে ধারাবাহিক হওয়া খুব কঠিন বলেই মনে করেন ভারতের হয়ে ৯৯ টেস্ট ও ৩৩৪ ওয়ানডে খেলা আজহার। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলীর ইউটিউব শোতে উপস্থিত হয়ে আজহারউদ্দিন বলেছেন, ‘সে (বাবর) খুব ভালো ব্যাটসম্যান। ধারাবাহিকও। তবে অধিনায়কত্ব সমস্যা হয়ে উঠছে। যদিও এ পর্যন্ত সে ভালোভাবেই পাকিস্তানের নেতৃত্ব সামলেছে।’

আজহারউদ্দিন মনে করেন, এখন যে পরিমাণ ক্রিকেট খেলা হয় তাতে অধিনায়কত্ব ও ব্যাটিং—এ দুটো একসঙ্গে ভালোভাবে সামলানো খুব কঠিন বাবরের জন্য। যেকোনো একদিকে নেতিবাচক প্রভাব পড়বেই। অধিনায়ক বাবরের চেয়ে যেহেতু ব্যাটসম্যান বাবর পাকিস্তান ক্রিকেটের জন্য বেশি মূল্যবান, আজহারউদ্দিন তাই মনে করেন অন্তত একটি সংস্করণে বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত, ‘প্রতিটি সংস্করণে আলাদা অধিনায়ক রাখা উচিত প্রতিটি দলের। সেই সময়টা এখন এসেছে। আসলে চাপ প্রচুর। একসময় তাকে অন্তত একটি সংস্করণে অধিনায়কত্ব ছাড়তে হবে।’

বাবরের অধিনায়কত্বে টেস্টে সম্প্রতি বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।