পাটগ্রামে মুক্তিযোদ্ধা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

লালমনিরহাটের পাটগ্রামে মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সম্মিলিত নাগরিক সমাজ এবং জগতবেড় ইউনিয়নবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফাতেমা প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন মাঠ থেকে সম্মিলিত নাগরিক সমাজ ও বিকেল ৪টায় সোহাগপুর ধরলা সেতু মোড় থেকে জগতবেড় ইউনিয়নবাসী মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়ক হয়ে পশ্চিম চৌরঙ্গী মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক শমসের আলী, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।  অন্যদিকে জগতবেড় ইউনিয়নবাসীর প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।

গত ২০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়ার নিজ বাসায় যাওয়ার সময় মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী ছুরিকাঘাতে নিহত হন।