পাকিস্তানের শীর্ষ ক্রিকেটাররা এসেছেন বিপিএল খেলতে। তবে সিলেটপর্ব শেষেই জৌলুশ হারাতে পারে বিপিএল, কারণ পাকিস্তান সুপার লিগে অংশ নিতে বাংলাদেশ ছাড়তে হতে পারে সেদেশের ক্রিকেটারদের।
পাকিস্তানের জিও সুপার, বিওএল নিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন জানাচ্ছে বিপিএল থেকে ৩ ফেব্রুয়ারির ভেতর পাকিস্তানের ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএলের অষ্টম আসরের পর্দা উঠবে ফেব্রুয়ারির ১৩ তারিখ। প্রথম দিকে ফ্র্যাঞ্চাইজিরা বিপিএল থেকে হারিস রউফ, নাসিম শাহদের জন্য ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে রাজি থাকলেও এখন পিসিবিকে তারা জানিয়েছে অন্তত ১০দিন আগে প্রস্তুতি শিবির শুরু করতে চায় দলগুলো। তাই যারা পিএসএলে আছেন তাদের ২ ফেব্রুয়ারির ভেতর দেশে ফিরতে বলা হয়েছে।