একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজু মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় হিলি সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল। বিষয়টি নিশ্চিত করে এটিইউর পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, আজ বৃহস্পতিবার এটিইউর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, ২০১৩ সালের ২৫ ডিসেম্বর রামপুরার নিজ বাসা থেকে সাংবাদিক আফতাব আহমেদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলায় ২০১৭ সালের ২৮ মার্চ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলোÑ বিল্লাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল এবং গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অন্যজন সবুজ খানকে সাত বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সাংবাদিক আফতাব আহমেদ দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে অনেক দুর্লভ ছবি তোলেন। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।