হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসরাক হোসেন জসি (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে চিকিৎসক জসিকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, হাতিরঝিলে পুলিশ প্লাজা ও বাড্ডার মাঝামাঝি এলাকায় পাবলিক টয়লেট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ওই যুবক। তখন পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

নিহত ইসরাকের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, তাদের বাসা ওয়ারীতে। পুরান ঢাকার বেচারাম দেউড়িতে তার বাবার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সে প্রতিষ্ঠানের দেখাশোনা করতেন ইসরাক। তিন ভাইয়ের মধ্যে মেজো ছিলেন তিনি। রাতে নিকেতনে এক বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজের বাসায় ফিরছিলেন ইসরাক। পথে নিজেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক এএসআই নিহত হয়েছে। তার নাম নুরুল ইসলাম (৫২)। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি পুলিশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিএসবি শাখার কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার অহনকলী গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর জাহান জানান, নুরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রামে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে হেলপার নিহত : কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে রাকিব হোসেন (১৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। রাকিব চট্টগ্রামের খুলশী থানার সেগুনবাগান এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় রাকিবের ট্রাকটি। এরপরই সেটির পেছনে ধাক্কা দেয় অপর আরেকটি ট্রাক। এ সময় সজোরে ধাক্কা লাগায় দরজা খুলে ছিটকে পড়ে যায় সামনের ট্রাকের হেলপার রাকিব। ঘটনাস্থলেই সে মারা যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মোহাম্মদ কাউসার মিয়া বলেন, ‘আমানগন্ডা এলাকায় ট্রাকের ধাক্কায় রাকিব নামে অপর একটি ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’

চট্টগ্রামের চন্দনাইশে পথচারীর মৃত্যু : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় জাকির হোসেন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টায় উপজেলার গাছবাড়িয়া পক্ষিমার্কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মধ্যম গাছবাড়িয়া আবু তালেব মুন্সি বাড়ির মৃত রশিদ আহমদের ছেলে।

দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট নাজিমুল হক জানান, গাড়িটি চন্দনাইশ থানা-পুলিশ আটক করে দোহাজারী হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছে। ড্রাইভার হেলপার পলাতক রয়েছে।