রাজধানীর তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের ধউর বেড়িবাঁধ আশুলিয়া ল্যান্ডিং স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ।
এর আগে এলাকাবাসী নদে মরদেহ ভাসতে দেখে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে দেখালে তারা ডিএমপির কন্ট্রোল রুমকে জানায়। পরে খবরটি নৌপুলিশকে জানায় তুরাগ থানা পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া নৌপুলিশ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান জানান, মরদেহটি একজন পুরুষের। বয়স আনুমানিক ২৮ বছর। ধারণা করা হচ্ছে হত্যার পর নদীতে লাশটি ফেলা হয়। ওই যুবকের পরিচয় শনাক্ত হয়নি। ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে যায়। তুরাগ থানার ওসি মো. মওদুদ হাওলাদার দেশ রূপান্তরকে বলেন, ‘যেহেতু মরদেহটি নদীতে পাওয়া গেছে সেহেতু ঘটনাস্থল নৌপুলিশের। এ ঘটনায় নৌপুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
লালবাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার : রাজধানীর লালবাগ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিডিআর ২ নাম্বার গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় তারা।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. নতুন মিয়া জানান, ২-৩ দিন ধরে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।