বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে এ পুনর্মিলনীর আয়োজন করে এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এতে কলেজ অধ্যক্ষ কর্নেল এসএম রাজিব ইবনে রেজওয়ান, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা অংশ নেন।
প্রধান অতিথি বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর বর্তমান শিক্ষার্থীরা গার্ড অব অনার প্রদান করেন। পরে কুচকাওয়াজ প্রদর্শন করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। ১৩তম পুনর্মিলনীর কেক কাটার পর প্রধান অতিথি বক্তব্য দেন।
ঝিনাইদহ ক্যাডেটের প্রাক্তন শিক্ষার্থী জেনারেল এসএম শফিউদ্দিন তার বক্তব্যে কলেজ জীবনের স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিন দিনের এ আয়োজনে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ক্যাডেটরা।