বসুন্ধরা কিংসের টানা সাত

প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে তুলে নিয়েছে আসরে নিজেদের টানা সপ্তম জয়।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার ৩-১ গোলের জয় তুলে নেয় অস্কার ব্রুজনের দল। রবসন রবিনিয়ো কিংসের পক্ষে জোড়া গোল করেন। অন্য গোলটি করেন আসরর গফুরভ। শেখ রাসেলের পক্ষে একমাত্র গোলটি করেন এমফন উদোহ।

ম্যাচের ফল কিংসের দাপুটে জয়ের কথা বললেও আসলে ম্যাচে একটা সময় ছিল অনিশ্চয়তা। শিরোপাধারী কিংসকে কঠিন চ্যালেঞ্জই জানিয়েছে শেখ রাসেল।

প্রথমার্ধে দুই দলই ছিল সমানে সমান। কোনো দলই জালের দেখা পায়নি। ম্যাচের চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

আট মিনিটের ব্যবধানে দুই গোল করে চালকের আসনে বসেছিল কিংস। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে রবিনিয়ো গোল করার পর গফুরভ ব্যবধান দ্বিগুণ করেন ৭৩তম মিনিটে।

তবে ৮২তম মিনিটে এমফন উদোহ গোল করলে খেলায় ফিরে শেখ রাসেল। শেষ পর্যন্ত অবশ্য পেরে ওঠেনি তারা। রবিনিয়ো ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

৭ ম্যাচের সব কটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড। ষষ্ঠ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া শেখ রাসেল ৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

দিনের আরেক ম্যাচে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস এফসির সঙ্গে ১-১ ড্র করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে বাংলাদেশ পুলিশ। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে ফার্টিস।