সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের সাথে সংঘর্ষে মেহেদী হাসান বাবু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন অলিউর রহমান(২৪) নামের আরও একজন। আজ শনিবার রাত সাড়ে ৯টায় মুন্সিগঞ্জের ধানখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের মাজেদ গাজী ও সাবেক ইউপি সদস্য আকলিমা বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ট্রাকটি একপাশে দাঁড়িয়ে ধানক্ষেত থেকে ধান লোড করছিল। এ সময় মেহেদী হাসান মুন্সিগঞ্জ থেকে শ্যামনগরের দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। অন্ধকারে আলো কম থাকায় ট্রাকটি তিনি দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেন। ঘটনাস্থলেই মেহেদী হাসান মারা যান। এ সময় আরোহী অলিউর রহমান (২৪) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক অলিউর রহমানকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
ওসি বাদল আরও জানান, পুলিশ ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করেছে। নিহতের পরিবারের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।