বিশ্বকাপ শুটিংয়ে পদক জয়ের স্বপ্ন দেখেন না বাংলাদেশের শুটাররা। সেরা আটে থেকে ফাইনালে ওঠার চেষ্টার কথা বলতেন। তবে ফাইনালে ওঠা হয়নি। সেই ইতিহাস বদলে দিলেন কামরুন নাহার কলি। জাকার্তায় চলমান বিশ্বকাপ শুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে গতকাল ষষ্ঠ হয়ে ফাইনালে ওঠেন তিনি। ফাইনালটা অবশ্য তার ভালো হয়নি। হয়েছেন অষ্টম।
১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৬২৮.৪ স্কোর করে ষষ্ঠ হন কামরুন নাহার। পরে পদকের লড়াইয়ে নামেন। গত অক্টোবরে কায়রোতে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ভালো করেছিলেন। সেবার ৬২৯ স্কোর করেছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো শুটারের ব্যক্তিগত সর্বোচ্চ। কলি বলেন, ‘আমাদের সবারই ঢাকায় অনুশীলনে ৬২৮ থেকে ৩০ স্কোর হয়েছিল। জাকার্তায় বাছাইয়ে তা আমি ধরে রেখেছি। তবে ফাইনাল রাউন্ডে ভালো হয়নি। এখন আর কিছু বলার নেই।’ দেশের অন্য তিন শুটার সাইরা আরিফিন ৬২৬.৫ স্কোর করে ১৫তম, নাফিসা তাবাসসুম ৬২৬.৫ স্কোর করে ১৬তম ও সাজিদা হক ৬২৩.০ স্কোর করে ৩১তম হয়েছেন।