নানা ধরনের অনিয়মের অভিযোগে রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের বর্তমান গভর্নিং বডির সভাপতিসহ অন্য সদস্যদের প্রতি অনাস্থা জানিয়েছেন শিক্ষকরা। একই সঙ্গে ওই গভর্নিং বডির সব কার্যক্রম প্রতিহতেরও ঘোষণা দিয়েছেন তারা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মীর নাসরিন শবনম। তিনি বলেন, দুই বছর মেয়াদের এই কমিটি ১৪ বছর যাবৎ আধিপত্য বিস্তার করছে। বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও আত্মসাৎ করছেন তারা। আগের অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদসহ কয়েকজন শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে গভর্নিং বডির সভাপতি ও কতিপয় সদস্যরা প্রত্যক্ষভাবে জড়িত। এ জন্যই দুর্নীতির দায়ে আগের অধ্যক্ষ ও দুজন শিক্ষক বহিষ্কার হলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গভর্নিং বডি খেয়ালখুশি মতো নতুন শিক্ষক নিয়োগ দিচ্ছেন। আর্থিক সুবিধার বিনিময়ে এই নিয়োগ দিচ্ছেন তারা।