গাজীপুর মহানগরীর সালনা ইপসা গেট এলাকায় ‘বিষক্রিয়ায়’ দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া আশা মণি (৬) ও আলিফা আক্তার (দেড় বছর) সহোদর। তাদের স্বজনদের কেউ কেউ দোকান থেকে কেনা খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ার দাবি করলেও কেউ কেউ বলছেন বিষক্রিয়ার সঠিক কারণ তারা জানেন না। পুলিশ বলছে, চিকিৎসক প্রাথমিকভাবে দুই শিশুর মৃত্যুর কারণ হিসেবে বিষক্রিয়া বলে উল্লেখ করেছেন। তবে তদন্তের পরেই তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালেও গিয়েছে। তাদের প্রতিবেশী আরেক শিশুকেও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, একটি শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অপরটি হাসপাতালে আনার পর মারা যায়। আরেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় দুটি শিশুর মৃত্যু হয়েছে।