জ্যোতি বসুর পৈতৃক ভিটায় পর্যটনকেন্দ্র

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীর চৌধুরী পাড়ায় ভারতের প্রখ্যাত বাম রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক ভিটায় উদ্বোধন করা হয়েছে পর্যটন কেন্দ্র।

গতকাল রবিবার বিকেলে পর্যটন কেন্দ্রটি উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন জ্যোতিবসুর বাড়িতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার। পরে ২০২০ সালের জানুয়ারিতে পর্যটন কেন্দ্র নির্মাণকাজ শুরু হয়ে শেষ হয় ২০২২ সালে। প্রকল্পের জন্য ৩৮৩.৬৬ লাখ টাকা ব্যয় ধরা হলেও এ পর্যন্ত ব্যয় হয়েছে ২৫৩ লাখ টাকা।

দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের জন্য পর্যটন কেন্দ্রে দোতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়েছে। এ ভবনে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে রাত্রিযাপনের জন্য। এছাড়া পর্যটন কেন্দ্রে একটি রেস্তোরাঁ, একটি স্যুভেনিয়র শপ, নারী-পুরুষের জন্য আলাদা ওয়াশরুম, একটি পিকনিক শেড ও কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনকালে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আলি কদর গ্রেড ওয়ান, প্রকল্প পরিচালক জাকির হোসেন সিকদার, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ আলী ফারুক, পর্যটন করপোরেশনের পরিচালক জামিল আহমদ, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ভূঁইয়া বাবুল, জ্যোতিবসুর বাড়ির তত্ত্বাবধায়ক ইউসুফ আলী উপস্থিত ছিলেন।