সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননার ঘটনা তুলে ধরে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ও ক্ষমতাসীন জোটের শরিক তরিকত ফেডারেশনের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভা-ারি। ওই দুটি দেশের ঢাকার রাষ্ট্রদূতদের তলব করে কড়া প্রতিবাদ জানানোর দাবি করেছেন তারা।
গতকাল রবিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির আবু হোসেন বলেন, সুইডেনে কোরআন অবমাননার পর এবার ডেনমার্কেও ঘটল একই ঘটনা। গত ২১ জানুয়ারি সুইডেনে তুরস্ক দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনা তার (রাসমুস পালুদান) সংশ্লিষ্টতা আছে। তার সুইডিশ অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, পৃথিবীর যে দেশেই হোক না কেন, আমাদের পবিত্র কোরআনের অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারি না। কোরআনের অবমাননায় প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কেবল মুসলমান নয়, বিশ্বের কোনো ধর্মপ্রাণ মানুষ ধর্মের অবমাননতা মেনে নিতে পারে না। গোটা বিশ্বের মুসলমানরা কোরআনের এই অবমাননায় ক্ষুব্ধ।
জাতীয় পার্টির এ সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব জেলা-উপজেলায় ইসলামের প্রচার ও প্রসারে মডেল মসজিদ নির্মাণ করছেন। ইতিমধ্যে ১০০টির নির্মাণ তিনি শেষ করেছেন। দেশের শতকরা ৯৩ শতাংশ মানুষ মুসলমান। বাঙালি মুসলমানরা অত্যন্ত ধর্মভীরু। প্রকাশ্যে আগুন দেওয়ার মতো ক্ষমার অযোগ্য ঘটনার নিন্দা জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করছি। ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ করার জোর দাবি জানাচ্ছি।
নজিবুল বশর মাইজভা-ারি বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে প্রতিবাদ করা হয়েছে। সরকারের কাজ সরকার করেছে। মুসলমান হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। সংসদেরও দায়িত্ব আছে। কোরআনের অবমাননার জন্য বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের রক্তক্ষরণ শুরু হয়েছে। এই মুহূর্তে মিটিং মিছিল শুরু হয়েছে। আগামী শুক্রবারও মিটিং মিছিল হবে। শুধু কোরআন নয়, যেকোনো ধর্মগ্রন্থের অবমাননায় আমরা নিন্দা জানাই।