গেন্ডারিয়ায় আগুনে পুড়ল ১০ দোকান-রিকশার গ্যারেজ

রাজধানীর গেন্ডারিয়ায় পুকুরপাড় এলাকায় অগ্নিকাণ্ডে ১০টি টিনশেড দোকান ও একটি রিকশার গ্যারেজ পুড়ে গেছে। গতকাল রবিবার ভোরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ হয়। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কেও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, রবিবার ভোর ৪টা ২১ মিনিটে গে-ারিয়ার পুকুরপাড়ে আগুন লাগার খবর আসে। এরপর আট মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে চারটি ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আসে ৫টা ৪০ মিনিটে।

তিনি আরও বলেন, আগুনে পুড়ে গেছে ছোট ছোট ১০টি টিনশেডের দোকান ও ১টি রিকশার গ্যারেজ। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলে জানান তিনি।