পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রবিবার ভোরের আলো ফোটার আগে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বাসটি বেলুচিস্তানের লাসবেলা জেলার চিনকি হল্টের কাছে একটি গিরিখাতে পড়ে যায়। আর তারপরই বাসটিতে আগুন ধরে যায়।
লাসবেলা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামজা আনজুম নাদিম জানিয়েছেন, বাসটিতে সব মিলিয়ে ৪৮ যাত্রী ছিলেন। তিনি আরও জানিয়েছেন, নিহতদের মরদেহ এবং আহতদের বাসটির ধ্বংসাবশেষ থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে আহতদের চিকিৎসার জন্য লাসবেলা সিভিল হাসপাতালে এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া লাশগুলো শনাক্ত করা যায়নি এবং নিহতদের শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার মূল কারণ অতিরিক্ত গতি। এ কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি প্রথমে কাত হয়ে যায় এবং এক পর্যায়ে তা গিরিখাদে পড়ে যায়। এরপরই বাসটিতে আগুন ধরে যায়।