জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।
আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। সেখানে তিনি পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়। পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের পরিচালক মো. রফিকুল ইসলাম, উপপরিচালক (সমন্বয়) মো. মাহবুবুর রহমান সরকার, উপপরিচালক (মনিটরিং) মো. শরফুজ্জামান, গোপালগঞ্জ ২৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক শাওন আসাদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৯ জানুয়ারি সকালে মেজর জেনারেল এ কে এম আমিনুল হক আনসার-ভিডিপি সদর দপ্তর, খিলগাঁও, ঢাকায় মদ্য-সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এরপর বিকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে যোগদানের আগে মেজর জেনারেল এ কে এম আমিনুল হক জাতীয় প্রতিরক্ষা কলেজে সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে কর্মরত ছিলেন।