গনির ব্যাটিং ঝড়ে ঢাকার পুঁজি ১৪৪

সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনরা বড় ইনিংস খেলতে পারেননি। তাদের ব্যর্থতার মাঝে ব্যতিক্রম হয়ে থাকলেন উসমান গনি। এই আফগানের ব্যাটিং ঝড়ে ‘মাস্ট উইন’ ম্যাচে লড়ার মতো পুঁজি পেল ঢাকা ডমিনেটর্স।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার দিনের প্রথম ম্যাচে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৪ রানের পুঁজি গড়ে ঢাকা।

গনি ৫৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ৭ চার ও ৩ ছক্কায়। রান আউটে কাটা পড়া অধিনায়ক নাসির হোসেনের ব্যাট থেকে আসে ২২ বলে ২৯ রান।

পঞ্চম উইকেটে নাসির ও উসমান ৫৫ রানের জুটি উপহার দেন। তার আগ মিঠুনের সঙ্গে ৩৭ বলে ৪১ রান যোগ করেন গনি।

হারিস রউফের করা শেষ ওভারে ১৮ রান তুলে ঢাকা। গনি তৃতীয় বলে বাউন্ডারি হাঁকানোর পর শেষ দুই বলে মারের দুই ছক্কা। রংপুরের পক্ষে আজমতউল্লাহ ওমরজাই সর্বাধিক ২ উইকেট নেন।

এই ম্যাচে মাঠে নামার আগে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ছিল রংপুর। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ঢাকা ছিল সবার তলানিতে। প্লে-অফ খেলতে হলে বাকি থাকা সব ম্যাচেই এখন জিততে হবে ঢাকাকে।