আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ জিতেছে ভারত। এবারই প্রথম হলো নারীদের যুব বিশ্বকাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এই বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। আজ টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করে আইসিসি।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার সিক্স যায় বাংলাদেশ। টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করেন স্বর্ণা। স্বর্ণা ৫ ম্যাচে করেন ১৫৩ রান। তার স্ট্রাইক রেট ১৫৭.৭২। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বর্ণা ছাড়া ১৫০ এর ওপর স্ট্রাইক রেট নিয়ে রান অন্তত্য একশো বা তার বেশি রান করেছেন ভারতের শেফালি ভার্মা। স্বর্ণার গড় ৫১। ৫ ইনিংসে মোট ১৩ চার ও ৬টি ছক্কা হাকান তিনি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া ম্যাচটিতে ২৮ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেছিলেন স্বর্ণা।
সেরা দলে চ্যাম্পিয়ন ভারতের তিনজন, রানার্সআপ ইংল্যান্ডেরও আছেন তিনজন। সেমিফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি সুপার সিক্সে খেলা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে আছেন একজন করে। পাকিস্তানের একজনকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে।
সেরা একাদশ
শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (অধিনায়ক) (ইংল্যান্ড), শেফালি ভার্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), ডেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (উইকেটকিপার) (দক্ষিণ আফ্রিকা), পর্শভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), মেগি ক্লার্ক (অস্ট্রেলিয়া), দ্বাদশ: আনোশা নাসির (পাকিস্তান)।