যে কারণে নিজের মেসির ইনস্টাগ্রাম আইডি ব্লক হয়েছিল

ব্রাজিলেই বিশ্বজয়ের স্বাদ পেতে পারতেন লিওনেল মেসি। কিন্তু জার্মান বিপ্লবে শিরোপা আর ছুঁয়ে দেখতে পারেননি মেসি। অবশেষে লুসাইলে আর্জেন্টিনার তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে মেসি সোনালি ট্রফিতে চুমু এঁকে পেয়েছেন অমরত্বের স্বাদ। তারপর ভক্তদের অভিনন্দনের জোয়ারে ভাসেন তিনি। যে চাপ সামলাতে না পেরে ব্লক হয়েছিল মেসির ইনস্টাগ্রাম আইডি।

দীর্ঘ সাধনার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন রেডিও ‘আরবানা প্লে’-এর উপস্থাপক অ্যান্ডি কুজনেতসফকে প্রথমবার সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানেই সেসব কথা বলেন ৩৫ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।

বিশ্বকাপ জয়ের পর মেসি ট্রফি হাতে যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, সেটা ‘লাইক’ পাওয়ার হিসাবে ছাড়িয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। গড়েছে নতুন রেকর্ড। তবে ভক্তদের অগণিত শুভেচ্ছাবার্তার কারণে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই সাময়িকভাবে ব্লক হয়ে গিয়েছিল।

একটি ছবিতে কয়েক কোটি লাইক পাওয়া প্রসঙ্গে মেসি বলেছেন, ‘এ থেকেই বোঝা যায়, ছবিটা কত মানুষের কাছে পৌঁছে গেছে। কত মানুষ আমার হাতে ট্রফিটা দেখতে চেয়েছে। সত্যি বলতে, খুব কম শুভেচ্ছাবার্তা আমি পড়তে পেরেছি। এটা খুব কঠিন। আমার কাছে ১০ লাখ বার্তা এসেছিল। শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছিল। আমি লগইন করতে পারছিলাম না। ব্যাপারটা পাগলাটে ছিল।’

ব্যস্ততার কারণে অনেক তারকা তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট দেখভালের দায়িত্ব বিশ্বস্ত কাউকে দেন। তবে শত ব্যস্ততার মধ্যে মেসি তার অ্যাকাউন্ট নিজেই ব্যবহার করেন, ‘আমি নিজেই আমার ইনস্টাগ্রামে পোস্ট করি। এই কাজের জন্য আলাদা কোম্পানি বা ম্যানেজার নেই।’