বাংলাদেশে আসছেন না হেলস, খেলবেন পিএসএলে

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে ভূমিকা রেখেছিলেন ওপেনার অ্যালেক্স হেলস। ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ক্রিকেটারও তিনি। তবে আসন্ন বাংলাদেশ সফরে তাকে পাচ্ছে না দল। সেই সময়ে তিনি খেলতে যাবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পিএসএলের শুরু থেকে পুরো আসর খেলতে সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা।

কঠিন সময়ে পাশে থাকায় ইসলামাবাদ ইউনাইটেডকে বেছে নিয়েছেন বলে জানিয়ে গণমাধ্যমটিকে হেলস বলেন, ‘আমি এই বছরেও পিএসএল খেলার সিদ্ধান্ত নিয়েছি। এই দলে স্বাধীনভাবে খেলার পরিবেশ আমি পছন্দ করি। এবার রাওয়ালপিন্ডিতে খেলা হবে, আমি রোমাঞ্চিত। কারণ এই ভেন্যুর উইকেট সেরা ব্যাটিং পিচ। ইসলামাবাদের দর্শকদের সামনে খেলতে মুখিয়ে আছি। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে এটি হবে আমার পঞ্চম মৌসুম। গত বছরও তারা আমার কঠিন সময়ে পাশে ছিল।’

প্লেয়ার্স ড্রাফট থেকে ১ লাখ ৪৫ হাজার পাউন্ডে হেলসকে দলে নেয় ইসলামাবাদ। পিএসএলের সময়টায় বাংলাদেশে আসলে পিএসএলে বেশ কিছু ম্যাচ খেলতে পারতেন না তিনি। নিয়ম অনুযায়ী টাকাও কাটা যেত তার।

বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সবগুলো খেললে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা হেলস পেতেন সাড়ে ২২ হাজার পাউন্ড। সফরে এলে পিএসএল থেকে তার আর্থিক ক্ষতি হতো আরও বেশি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার ব্যাপারে ছাড় দিয়ে রেখেছে আগেই। এক্ষেত্রে ক্রিকেটারদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয় তারা।