৪৫ স্বর্ণের বারসহ বিজিবির হাতে আটক ১

লালমনিরহাটের দিঘলটারী সীমান্ত থেকে ৫.২৪৯ কেজি ওজনের ৪৫টি স্বর্ণের বারসহ আজিজার রহমান (৫৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাকে স্বর্ণসহ আটক করে।

১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অত্র ব্যাটালিয়নের দিঘলটারী বিওপির দায়িত্বপূর্ণ কুটিরচর নামক এলাকা দিয়ে জনৈক এক ব্যক্তি স্বর্ণের একটি বড় চালান ভারতে স্বর্ণ পাচার করবে। এ সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় দিঘলটারী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহলদল বিওপি হতে আনুমানিক ২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সীমান্ত পিলার ৯২৫/৭-এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাবাগানের ভিতরে অবস্থান নেয়। সোর্সের বর্ণনানুযায়ী ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

টহলদল ধাওয়া করে আনুমানিক ১০০ গজ দূরে তামাক ক্ষেত হতে তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরে কাপড় দিয়ে বাধা এবং খাকী স্কচটেপ দিয়ে মোড়ানো ২ প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ব্যক্তিকে আটক করে দুইটি প্যাকেটসহ বিওপিতে নিয়ে আসে এবং অধিনায়কের উপস্থিতিতে প্যাকেট দুইটি খুলে ৪৫টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন আনুমানিক ওজন ৫.২৪৯ কেজি (৪৫০ ভরি ৩ আনা ১ রতি) এবং বর্তমান বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা।

আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদিতমারী থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ লালমনিরহাট ট্রেজারি অফিসে জমা করার কাজ চলছে।