কেমন হবে হাথুরুর দ্বিতীয় অধ্যায়

চন্দিকা হাথুরুসিংহেই ফিরছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচের পদে। এই শ্রীলঙ্কান বিসিবি’র চাকরি ছেড়ে নিজ দেশের জাতীয় দলের কোচের চাকরিতে গিয়েছিলেন উচ্চ বেতনে। কিন্তু ‘শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে তার বিচ্ছেদটা হয়েছে তিক্ত, দেনা-পাওনা নিয়ে মামলা গড়িয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। এরপর নিউ সাউথ ওয়েলসে দ্বিতীয় অধ্যায় শেষ করে বাংলাদেশে দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন হাথুরুসিংহে।

তার আগমনবার্তায় সাকিব আল হাসান বলেছেন ‘নো কমেন্টস’। বিসিবি কর্তারা খুশি হলেও ক্রিকেটাররা যে খুব একটা স্বস্তিতে নেই সেটা সাকিবের কথাতেই স্পষ্ট।

আটঘাট বেঁধেই বাংলাদেশে আসছেন হাথুরুসিংহে, সেটা স্পষ্ট। কারণ এরই মধ্যে বিসিবি প্রথমবারের মতো হেড অব প্রোগ্রাম পদে কাউকে নিয়োগ দিয়েছে। অস্ট্রেলিয়ার ডেভিড মুর নিয়োগ পেয়েছেন এই পদে, যে পদের কাজ মূলত হাই পারফরম্যান্স ও বাংলাদেশ টাইগারস, এই দুই কর্মসূচি থেকে যেন জাতীয় দল সরাসরি উপকৃত হতে পারে সেটা দেখভাল করা।

ক্রিকেট এনএসডাব্লিউতেই দীর্ঘকাল জেনারেল ম্যানেজার ক্রিকেট পারফরম্যান্স ও হেড কোচ ডেভেলপমেন্ট হিসেবে কাজ করেছেন সাবেক এই উইকেটরক্ষক। ধারণা করা হচ্ছে হাথুরুসিংহের পরামর্শেই বিসিবি নিয়োগ দিয়েছে মুরকে। এই অস্ট্রেলিয়ান বাংলাদেশে চলে এসেছেন, আজ সকালে বিসিবিতে তার উপস্থিত হওয়ার কথা।

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সূচি ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ইংল্যান্ড দল আসবে ২৪ ফেব্রুয়ারি। সাদা বলের বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাদেশে পা রাখার দিন পাঁচেক আগেই দেশে চলে আসবেন হাথুরুসিংহে। সিলেটে বোর্ড সভাপতি নাজমুল হোসেনের কথায় মিলেছে তেমনই আভাস, ‘ফেব্রুয়ারির ১৮-২০ তারিখের ভেতরই নতুন কোচ এসে পড়বেন।’

ইংল্যান্ডের সবশেষ বাংলাদেশ সফরের সময় কোচ ছিলেন হাথুরুসিংহেই, ৩ ওয়ানডের সিরিজটা হয়েছিল প্রতিদ্বন্দ্বিতামূলক এবং ১-১ সমতার পর শেষ ওয়ানডে ৪ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। টেস্ট সিরিজেও প্রথম টেস্টে ইংল্যান্ডের জয় ২২ রানে আর দ্বিতীয় টেস্টে ১০৮ রানে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ।

২০১৪ থেকে ২০১৭, এই তিন বছর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ছিলেন হাথুরুসিংহে। এই সময় বাংলাদেশে দেশের মাটিতে টেস্টে হারায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল কোয়ার্টার ফাইনালে আর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে। তবে এমন সাফল্যের পাশাপাশি সমালোচনাও ছিল তাকে ঘিরে। মাশরাফী বিন মোর্ত্তজাকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া, শততম টেস্টের আগে মাহমুদউল্লাহকে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরত পাঠাতে চাওয়াসহ মুমিনুল হককে টেস্ট দল থেকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্তগুলো তাকে অপ্রিয় করে তুলেছিল ড্রেসিং রুমে।

কাল ঢাকার বিপক্ষে বিপিএলের ম্যাচ শেষে বরিশালের হয়ে খেলা সাকিব আল হাসানের কাছে হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জানতে চাওয়া হলে সাকিব বলেছেন ‘নো কমেন্টস’।

দুই বছরের জন্য হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বিসিবির, প্রথম বছরেই ঘরের মাঠে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে সিরিজ। আছে ওয়ানডের এশিয়া কাপ ও বিশ্বকাপও।

হাথুরুসিংহের পর দায়িত্ব নেওয়া স্টিভ রোডসের চাকরি যাওয়ার প্রধান কারণ তিনি ‘ভালো মানুষ’। ২০১৯ বিশ্বকাপের সময় খেলোয়াড়দের বেশি বেশি ছুটি দিয়েছিলেন, এমন অভিযোগ ছিল তার বিরুদ্ধে যদিও এই এখতিয়ার ক্রিকেট পরিচালনা বিভাগের।

রাসেল ডমিঙ্গোর বিরুদ্ধে অভিযোগ ছিল ড্রেসিংরুমে কর্র্তৃত্ব না থাকার, সেই সঙ্গে পারফরম্যান্সের পতন। যদিও দেশে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় ও দেশে ভারতকে ওয়ানডে সিরিজে হারানোর কৃতিত্ব দাবি করতেই পারেন ডমিঙ্গো। তবে ডমিঙ্গো মূলত বোর্ড কর্তাদের বিরাগভাজন হয়েছেন বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে।

বাংলাদেশে দ্বিতীয় অধ্যায়ে হাথুরুসিংহে হয়তো অতীত অভিজ্ঞতা থেকে শিখেই দায়িত্ব পালন করবেন। তবে একটা ব্যাপার নিশ্চিত করেই বলে দেওয়া যায়, দল নির্বাচনে থাকবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই সঙ্গে দলের শৃঙ্খলা ও পেশাদারিত্বের বেলায় কঠোর অবস্থান নেবেন হাথুরুসিংহে। তাতে করে হয়তো বাংলাদেশের কোনো কোনো সিনিয়র ক্রিকেটারকে দলে জায়গা হারাতে হতে পারে, নাও খেলা হতে পারে বিশ্বকাপ।