চীনে যাচ্ছেন ব্লিঙ্কেন প্রাধান্য পাবে ইউক্রেন

চলতি মাসে চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ সফরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পাবে। গত মঙ্গলবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি জানান, ৫ ও ৬ ফেব্রুয়ারি চীন সফর করবেন ব্লিঙ্কেন। এই সফরে তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সাংবাদিকদের কিরবি বলেছেন, গত বছর আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীনা প্রতিবাদের কারণে যেসব বিষয় নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়নি, সেগুলো নিয়ে এই সফরে কথা বলবেন ব্লিঙ্কেন। কিরবি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছাড়াও চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থা, জলবায়ু পরিবর্তনসহ বেশকিছু বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন এই সফরে। ইস্যুগুলোকে পুনরুজ্জীবিত করতে আলোচনা শুরুর চেষ্টা করবেন তিনি। আমার জানা মতে উল্লিখিত সব বিষয় আলোচনায় তুলে ধরবেন ব্লিঙ্কেন। অবশ্যই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই সফরের অন্যতম আলোচ্য বিষয়।’