সিদ্দিকুরের ৫০ লাখ ডলারের চ্যালেঞ্জ

গেল বছরটা খুব ভালো যায়নি সিদ্দিকুর রহমানের। বছরজুড়েই দেশে-বিদেশে খেলেছেন অনেক টুর্নামেন্ট। এশিয়ান ট্যুরেও অংশ নিয়েছেন অনেকগুলোতে। তবে কোনোটিতেই সেভাবে আলো ছড়াতে পারেননি। সিদ্দিকুর তাই চলতি বছরটা শুরু করতে চান নতুন করে। আজ থেকে জেদ্দার রয়্যাল গ্রিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হতে যাচ্ছে ৫০ লাখ মার্কিন ডলারের আসর পিআইএফ সৌদি ইন্টারন্যাশনাল। এশিয়ান ট্যুরের আওতাধীন এই আসরের প্রাইজমানি বাংলাদেশি অঙ্কে দাঁড়ায় ৫৩ কোটি টাকার মতো! দীর্ঘ ক্যারিয়ারে এত বড় অঙ্কের প্রাইজমানির আসরে আর খেলা হয়নি কখনো ৩৮ বছর বয়সী গলফারের।

কেবল সিদ্দিকুরের জন্য নয়, এশিয়ান ট্যুরের ইতিহাসে এটা অন্যতম বৃহৎ প্রাইজমানির গলফ টুর্নামেন্ট। এর আগে সিদ্দিকুর সর্বোচ্চ ৪৩ কোটি টাকা প্রাইজমানির গলফ টুর্নামেন্টে গত বছর এই সৌদিতেই খেলেছেন। বড় অঙ্কের প্রাইজমানি বলেই এই আসরে খেলতে এসেছেন বিশ্বের বাঘা বাঘা সব গলফার। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হ্যারল্ড ভার্নারসহ যুক্তরাষ্ট্র থেকেই খেলতে এসেছেন সাবেক চ্যাম্পিয়ন ডাস্টিন জনসন, বুবা ওয়াটসন, ব্রুকস কোপেকা, প্যাট্রিক রিডের মতো বড় তারকারা। এছাড়া ভারতীয় তারকা অনির্বাণ লাহিড়ী, শিব কাপুর, স্পেনের আদ্রিয়ান ওতাগুই, বিশ্ব র‌্যাংকিংয়ের ৩ নম্বর খেলোয়াড় অস্ট্রেলিয়ান ক্যামেরন স্মিথ, স্পেনের সার্জিও গার্সিয়া, ইংল্যান্ডের পল কেসিরা লড়বেন মর্যাদার লড়াইয়ে।

গত বছর ১৮টি এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন সম্প্রতি ক্রীড়া সাংবাদিকদের সর্বকালের সেরা দশ ক্রীড়াবিদদের একজন সিদ্দিকুর রহমান। এর মধ্যে সেপ্টেম্বরে তাইওয়ানে খেলা মার্কারিস তাইওয়ান মাস্টার্সে তৃতীয় হয়ে জিতেছিলেন ৬০ হাজার ডলার। গেল নভেম্বরের ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ওপেনে চতুর্থ হয়ে জেতেন ১৫ হাজারের ডলারের কিছু বেশি। তবে ডিসেম্বরে ইন্দোনেশিয়ান মাস্টার্সে তাল হারিয়ে বিদায় নেন ৭৯তম হয়ে। এ বছরটাকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ২০১০ সালে ব্রুনেই ওপেন ও ২০১৩ সালে হিরো ইন্ডিয়া ওপেনজয়ী সিদ্দিকুর আজ থেকে শুরু হওয়া আসরের প্রাইজমানির বিষয়টি আমলে না এনে বছরটা ভালোভাবে শুরুর দিকেই নজর দিচ্ছেন। ‘এই টুর্নামেন্টের জন্য গত কয়েকমাস ধরেই প্রস্তুতি নিচ্ছি। আশা করি এখানে এবার ভালো কিছুই হবে। গত বছর প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তাই এবার শুরুটা ভালোভাবে করতে চাই। আমি কখনো প্রাইজমানি মাথায় রেখে খেলি না। ভালো পারফরম্যান্স করলে এমনিতেই প্রাইজমানি ভালো পাব। এখানে আমার লক্ষ্য হচ্ছে নিজের স্বাভাবিকটা খেলা’- মুঠোফোনে দেশ রূপান্তরকে বলছিলেন সিদ্দিকুর।