দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে হিফজুল কোরআনবিষয়ক মেগা রিয়েলিটি শো ও হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ ‘কুরআনের নূর’। বৃহৎ শিল্পগ্রুপ বসুন্ধরার সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে দেশসেরা অনূর্ধ্ব ১৫ বছর বয়সী পবিত্র কোরআনের হাফেজদের সম্মাননা জানানো হবে।
এ উপলক্ষে গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, পেশ ইমাম শায়খুল হাদিস মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী, মাওলানা মিজানুর রহমান, মুফতি এহসানুল হক জিলানী, মাওলানা মহিউদ্দিন কাসেমীসহ ইসলামিক স্কলার ও দেশবরেণ্য আলেম-উলামাগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিভাগের উত্তর-দক্ষিণ দুটি জোনসহ পুরো দেশের মোট ১১ জোন থেকে অনূর্ধ্ব ১৫ বছর বয়সী ৩০ পারা কোরআনের হাফেজগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। দেশের নয়টি বিভাগ থেকে সেরা ৩ জন হাফেজ ২য় রাউন্ড বা ঢাকা অডিশনে যোগ দেবেন। ‘কুরআনের নূর’ এর প্রথম বিজয়ী একজন পাবেন ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী একজন পাবেন ৭ লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার একজন পাবেন ৫ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে ২ জন পাবেন ২ লাখ টাকা করে ও সম্মাননা। সেরা ১০-এ থাকা বাকি ৫ জনও পাবেন আর্থিক পুরস্কার ও সম্মাননা। বিজ্ঞপ্তি