সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান

চোরাই মোটরসাইকেল থাকলেই গ্রেপ্তার

চোরাই মোটরসাইকেল যার কাছে পাওয়া যাবে তাকেই চোর সাব্যস্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ। তিনি বলেন, ‘কাগজপত্র নেই এমন মোটরসাইকেল কেনা অবৈধ। চোরাই মাল কেনা একটা অপরাধ। কেউ যদি কাগজপত্রবিহীন চোরাই মোটরসাইকেল কেনেন তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

গতকাল বুধবার দুপুরে ডিবি কার্যালয়ে মোটরসাইকেল চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তারের পর সাংবাদিকদের এসব কথা বলেন হারুন। ওই চোরের নাম খালেক হাওলাদার ওরফে সাগর আহম্মদ। তার কাছ থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ডিবি জানায়, গত মাসে তুরাগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় মামলা হয়। মামলা তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায় মোটরসাইকেল চোর নারায়ণগঞ্জ অবস্থান করছে। পরে অবস্থান শনাক্ত করে চালিয়ে খালেককে গ্রেপ্তার করে।