কাল মুক্তি পাচ্ছে না ‘শনিবার বিকেল’

চার বছর ধরে সেন্সরে আটকে থাকা ‘শনিবার বিকেল’ নিয়ে নানা প্রতিবাদের পরও সার্টিফিকেট মেলেনি। বহুল আলোচিত ‘হলি আর্টিজান’-এর ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হওয়া ‘ফারাজ’ সিনেমা আগামীকাল শুক্রবার পেলেও দেশীয় সিনেমাটি আসছে না প্রেক্ষাগৃহে।

সম্প্রতি সিনেমাটি পুনরায় প্রদর্শনের পর আপিল বোর্ড সিনেমাটির বিষয়ে সবুজ সংকেত দিয়েছিলেন। জানিয়েছিলেন, ছবিটি মুক্তিতে কোন বাধা নেই। কিন্তু এ বিষয়ে সেন্সর বোর্ড থেকে কোন সিদ্ধান্ত আসেনি। যার দরুণ ফারুকীর ইচ্ছা থাকলেও আগামীকাল ৩ ফেব্রুয়ারি ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে না।

বলিউডের ‘ফারাজ’ মুক্তির আগে অথবা একইদিনে ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন এর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

এতদিন হয়ে গেলেও কেন সেন্সর সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, এমন বিষয় জানতে চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করলেও কোন সাড়া মেলেনি। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে নির্মাতা এক ফেসবুক স্ট্যাটাসে আক্ষেপ প্রকাশ করেন এবং জানান, ৩ ফেব্রুয়ারি ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে না।

তিনি বলেন, আমি এখন অদৃশ্য কারণে সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাইনি। তাই শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো কাগজ সেন্সর বোর্ডে আসেনি।