বাটলারের নেতৃত্বে শক্তিশালি দলই আসছে বাংলাদেশে

পাকিস্তান সুপার লিগ, টেস্ট দলের নিউজিল্যান্ড সফরের কারণে একাধিক শীর্ষ সারির ক্রিকেটারকে পুরো সিরিজে বা যেকোনো একটা সংস্করণে পাবে না ইংল্যান্ড। তবে দুই সংস্করণেরই বিশ্ব চ্যাম্পিয়নদের দল বেশ শক্তিশালীই।

জস বাটলারের নেতৃত্বে দুই সংস্করণের জন্যই আজ ১৫ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণেই ডাক পেয়েছেন তরুণ লেগ স্পিনার রেহান আহমেদ। টেস্টে অভিষেক হলেও প্রথমবারের মতো সীমিত ওভারের দলে জায়গা হয়েছে তার। দুই সংস্করণে অভিষেকের অপেক্ষায় ব্যাটসম্যান টম অ্যাবেলও। রাখা হয়েছে চোটের কারণে দীর্ঘ বিরতি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ফাস্ট বোলার জফরা আর্চারকেও।

২০১৬ সালের পর এই প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে জস বাটলারের দল। আগামী ১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ, যদিও বাংলাদেশ ও ইংল্যান্ড দুই দলই ভারতে হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে।

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের ওয়ানডে দল

জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারেন, সাকিব মাহমুদ, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল

জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড ম্যালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস, মার্ক উড।