মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের মানবাধিকারকর্মী মো. নূর খান। বিশ্বের ১০টি দেশে মানবাধিকার নিয়ে কাজ করা ১০ জনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষা ও একে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহসের সঙ্গে নেতৃত্ব দেওয়া; নিজ দেশের সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও তা সামনে আনা এবং তা প্রতিরোধে কাজ করা; পরিবেশ রক্ষায় পদক্ষেপ নেওয়া; শাসনব্যবস্থা উন্নয়নে কাজ করা; জবাবদিহি নিশ্চিত করা এবং দায়মুক্তির সংস্কৃতির অবসানে কাজ করার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে।
নূর খানকে নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিগত তিন দশক ধরে বাংলাদেশের সুপরিচিত দুটি মানবাধিকার সংস্থার নেতৃত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিবদ্ধ করা এবং জবাবদিহির সংস্কৃতি এগিয়ে নিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছেন।