বাংলাদেশের সঙ্গে ভারতের শিল্পগোষ্ঠী আদানির বিদ্যুৎ কেনাবেচার চুক্তির ক্ষেত্রে দেশটির সরকারের কোনো ভূমিকা নেই। বাংলাদেশ ওই গোষ্ঠীর বিদ্যুতের দাম কমাতে চেষ্টা চালাচ্ছে এমন কোনো খবরও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা নেই। গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে আদানি গোষ্ঠী প্রসঙ্গে এসব কথা বলেন ওই মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।
ভারতের ঝাড়খন্ডের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ নিয়ে আদানি গোষ্ঠীর চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ইউনিটপ্রতি নির্ধারিত দাম কমানোর জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে বলে দেশের কোনো কোনো গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অরিন্দম বাগচি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের কিছু জানা নেই। চুক্তিটি এক সার্বভৌম সরকারের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের। ওই চুক্তির সঙ্গে ভারত সরকার জড়িত নয় বলেই তার ধারণা।
অরিন্দম বাগচি আরও বলেন, প্রতিবেশী প্রথম নীতি অনুযায়ী ভারত তার প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ও যোগাযোগ স্থাপনে আগ্রহী, যা উন্নয়নের জন্য সহায়ক। ভারত চায় তার অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল প্রতিবেশীদেরও সমৃদ্ধ করুক। দুই দেশের মধ্যে সব ধরনের যোগাযোগ, বিদ্যুৎ ও জলসম্পদ ক্ষেত্রে এত সহযোগিতার লক্ষ্যও তা।