টাইগারদের কোচিং প্যানেলে এসেছে বড় রদবদল। রাসেল ডোমিঙ্গোর বিদায়ের পর নতুন করে ফের বাংলাদেশের কোচ হয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। ব্যাটিং কোচ জেমি সিডন্সকে দেওয়া হয়ে ‘এ’ দলের দায়িত্বভার। তবে মোস্তাফিজ-তাসকিনদের সঙ্গে থেকে যাচ্ছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকছেন জাতীয় দলের দায়িত্বে।
এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ অবধি চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অক্টোবর-নভেম্বরে ভারতে হবে এই টুর্নামেন্ট।
ডোনাল্ডের সঙ্গে চুক্তি নবায়নের খবর জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
গত বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ডোনাল্ড। তখন তার সঙ্গে চুক্তি ছিল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ অবধি। পরে সেটি বাড়িয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত করা হয়।
এখন চলতি মাসেই আবারও বাংলাদেশে ফিরছেন ডোনাল্ড। পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এটিকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারির মধ্যেই কোচিং স্টাফদের ফেরার আশা করছে বিসিবি। ২৩ তারিখ থেকে শুরু হতে পারে ক্যাম্প।